রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী কাদের জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে পড়েছিলেন। খবর পেয়ে তিনি আরেক পথচারীর সহায়তায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।



