রাজধানীর আজিমপুরে বাসা ভাড়ার টাকা ওঠানোকে কেন্দ্র করে মারধরের শিকার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত স্বপন একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামে। তিনি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচ তলায় ভাড়া থাকতেন।
জানা গেছে, গুরুতর আহতাবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দুই ভাই আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেট (ভাড়া) থাকতেন। ওই বাসা বরাদ্দ পাওয়া রিজভী, মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এই মাসের ভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। গতকাল রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা দু-একদিনের মধ্যে টাকাটি পরিশোধ করে দেবো, বলে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।”
“রাতের ঘটনার পর ভোর ৪টার দিকে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান বাসার ঘরের সামনে এসে আমাদের সঙ্গে ভাড়ার এক হাজার টাকার জন্য কথাকাটাকাটি করে। বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেয়, এরপর আমার বৃদ্ধ ভাই স্বপনকে মারধর করে টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হন, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।”
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে বলেও জানান তিনি।