আগস্ট থেকে ১৫ মাস বয়সীদের সরকারিভাবে দেওয়া হবে টাইফয়েডের টিকা

১৫ মাস বয়সী সব শিশুকে আগামী ১ আগস্ট থেকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। 

সোমবার (১৩ জুলাই)  স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পক্ষ থেকে এ নিদের্শনা দেওয়া হয়েছে।

আগে এ টিকাটি “নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) অন্তর্ভুক্ত না থাকায় ব্যক্তিগতভাবে শিশুদের জন্য বাবা-মাকে কিনে দিতে হতো। 

ইপিআইয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা দেওয়া হবে। এ টিকা এমএমআর-২ টিকার সঙ্গে একই সেশনে দেওয়া যাবে। 

যেভাবে এ টিকার আওতায় আনা হবে শিশুদের

মাঠকর্মীরা নিজ নিজ এলাকায় ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং সেশন শুরুর আগের দিন বাড়ি পরিদর্শন করে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন।

এছাড়া, অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করার পাশাপাশি বাড়ি বাড়ি যোগাযোগ, মাইকিং, উঠান বৈঠক ও আন্তঃব্যক্তিক যোগাযোগ কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিজিটাল টিকাদান ব্যবস্থাপনা জোরদারে মাঠকর্মীদের ভ্যাক্সইপিআই অ্যাপের মাধ্যমে শিশুদের নিবন্ধন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড নিশ্চিত করতে হবে। 

টিকা দেওয়ার পর স্মার্ট হেলথ বিটি/ই-ট্র্যাকার অ্যাপে কার্ড স্ক্যান করে তথ্য হালনাগাদ করতে হবে।