বন্যা ও দুর্যোগ পরিস্থিতি উন্নতি হলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটন স্পট ফের চালু করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে, টানা বর্ষণ ও বান্দরবানের ২টি নদীতে পানি বৃদ্ধি ও পাহাড়ধসের কারণে দুর্ঘটনা এড়াতে জেলার সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে এই মন্তব্য করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘‘বান্দরবানের অসংখ্য জনগণ এই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। তাই ১৫ তারিখের পরে বড় ধরনের কোনো দুর্যোগ এর সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।’’
এদিকে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, প্লাবিত হয় জেলার আশপাশের বিভিন্ন এলাকা।
জেলা প্রশাসনের তথ্য বলছে, জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন আশ্রয় নেন। প্রায় ১৫ হাজার মানুষের বসতি ৫ দিন পানির নিচে ছিল।
এছাড়া পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন ৬ জন। পানির স্রোতে ভেসে গেছে একজন। জেলার বিভিন্ন স্থানে অন্তত ২৬ পয়েন্টে পাহাড়ধসের ঘটনা ঘটে।