মন্ত্রণালয় সংক্রান্ত ৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নতুন গঠিত কমিটিগুলো হলো- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনে বিএনপি সদস্য আবুল কালাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৭ এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি সদস্য খালেদ হোসেন মাহবুব।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনে বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি সদস্য জয়নুল আবেদীন।

প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন) পদাধিকারবলে সদস্য থাকবেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে কমিটিগুলো গঠন করা হয়েছে।

এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।