রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

রাজধানীর বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মো. রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ডিআইটি রোডের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত ঝুমুর আক্তারের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার তিতকাটা গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার।

নিহতের স্বজন অজিফা আখতার জানান, ঝুমুর তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পর ঝুমুরের সাবেক স্বামী রেজাউল ফোন করে তাকে বকাঝকা করে বাসার নিচে এসে ডাকেন।

এসময় ঝুমুর নিচে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজাউল ধারালো ছুরি দিয়ে ঝুমুরকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঝুমুরের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। 

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রেজাউলকে আটক করে বাড্ডা থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে ঝুমুরকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ঝুমুরের প্রথম স্বামীর সঙ্গে অনেক আগে বিচ্ছেদ হয়। সেই সংসারে তার ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরে রেজাউলের সঙ্গে প্রেম করে বিয়ে হলেও তিন বছর পর তাদের সংসার ভেঙে যায়। এরপর তিনি প্রবাসী একজনকে বিয়ে করে বসবাস করছিলেন। তার তৃতীয় সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।