Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা: ‘গিট্টু’ রিপন গ্রেপ্তার

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে থাানায় হত্যা, হত্যাচেষ্টাসহ অন্তত ১২টি মামলা রয়েছে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় আসামি গিট্টু রিপনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, রিপন নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইর দাতা সড়ক এলাকার বাসিন্দা। তিনি সন্ত্রাসী জাহিদ গ্রুপের প্রধান শুটার ও কন্ট্রাক্ট কিলার।

বিকেলে র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা জানান, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদকের একটি আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওই হামলায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে র‍্যাব সদস্যদের কুপিয়ে আহত করেন। এতে তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনার পর র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় র‍্যাব-১৫ এর সহায়তায় র‌্যাব-১১ এর টিম কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে গিট্টু রিপনকে গ্রেপ্তার করে। তিনি ফতুল্লা ও মাসদাইর এলাকায় সক্রিয় সন্ত্রাসী জাহিদ বাহিনীর প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ১২টির অধিক মামলাও রয়েছে।

   

About

Popular Links

x