রাজধানীর উত্তরার সড়কে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন বলে জানিয়েছেন তারা।
গত ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের পাঁচ জেলা বাদে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে পরীক্ষার্থীদের যেতে দেখা যায়।
একইসঙ্গে, মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর একটি কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পরীক্ষার্থীদের “ফার্মের মুরগি” বলে শিক্ষামন্ত্রীর সম্বোধন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা ইত্যাদি নিয়ে বিতর্ক শুরু হয়।
১৪ জুলাইও এসব দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।
এদিকে, শিক্ষার্থীদের অবস্থান ও মিছিল ঘিরে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে দেখা যায় যাত্রীদের।