নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের একদিন পর জুনায়েদ আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলীর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ আহমেদ স্থানীয় নওপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে জুনায়েদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার বেলা ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে জুনায়েদকে হত্যা করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “উদ্ধার করা মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।“