ডেঙ্গু প্রতিরোধে লম্বা করে লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর সংক্রমণ থেকে সুরক্ষায় মশারি ব্যবহার করার পাশাপাশি ফুলহাতা শার্ট, পায়জামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. নূরুল ইসলামের বিধি-৭১ এর আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরীক্ষার কিট, স্যালাইন, ওষুধ, আইসিইউ, চিকিৎসক ও নার্সের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকার নির্ধারিত ফি অনুযায়ী পরীক্ষা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে মশারি টাঙিয়ে ঘুমানো, ফুলহাতা পোশাক পরা এবং লুঙ্গি লম্বা করে পরার মতো ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।“

এ সময় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়েও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং অভিযান আরও জোরদার করা হবে।“

এছাড়া নকল ওষুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “সম্প্রতি আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানা শনাক্ত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।“

তিনি জানান, নকল ওষুধ বিক্রির মতো অপরাধে দেশে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।