ঘরে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামীর বিরুদ্ধে মাদকাসক্তি, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আদালতের মাধ্যমে তাকে তালাক দিয়েছেন স্ত্রী।

ঘটনাটি উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঘটেছে। অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর বুধবার (১৫ জুলাই) নোটারি পাবলিকের মাধ্যমে আইনগতভাবে তাকে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম।

স্থানীয় বাসিন্দারা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন হিসেবে আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পান তাসলিমা খানম। এরপর থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। স্থানীয়দের দাবি, শাহ আলম নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তিনি ঘরে আগুন দিয়েছেন বলে তাদের সন্দেহ।

স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর তারা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই শাহ আলম পলাতক রয়েছেন।

তাসলিমা খানম অভিযোগ করেন, তার স্বামী উপার্জনের অর্থ পরিবারের পেছনে ব্যয় না করে মাদক সেবনে খরচ করতেন। পাশাপাশি নিয়মিত ভরণ-পোষণ না দিয়ে উল্টো তাকে মারধর করতেন। এসবের প্রতিবাদ করায় তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তাসলিমা বলেন, অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে। কিন্তু যে ব্যক্তি নিজের বসতঘরেই আগুন দিতে পারে, তার সঙ্গে আর বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়। তাই আদালতের মাধ্যমে আইনগতভাবে তাকে তালাক দিয়েছি।”

অভিযুক্ত শাহ আলম শেখের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ একটি গুরুতর অপরাধ। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।