Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে আগুন

ফায়ার সার্ভিসের এক ঘণ্টায় চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে প্রতিষ্ঠানটির দুই তলা ভবনের দ্বিতীয় তলায় প্রায় ২ হাজার বর্গফুটের একটি কক্ষে আগুন লাগে। কক্ষটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগের পিসি টেবিলসংলগ্ন।

এতে রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান।

হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওই কক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডসহ ওষুধ পরীক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক ছিল।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আনুমানিক এক কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

   

About

Popular Links

x