Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরু গলি আর বদ্ধ গোডাউন: চকবাজারে আগুনের সঙ্গে লড়াই চলছেই

এর মধ্যেই আগুন ভবনটির পঞ্চম তলা ও পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার একটি গোডাউনে লাগা আগুন ছয় ঘণ্টার বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নেভাতে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এর মধ্যেই আগুন ভবনটির পঞ্চম তলা ও পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল ৫টা ২ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও আগুন ছড়িয়ে পড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, “গোডাউনগুলো বন্ধ ও বদ্ধ জায়গায় হওয়ায় সহজে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছি।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মনজুর খান প্লাজার দ্বিতীয় থেকে চতুর্থ তলায় দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলায় গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ নানা পণ্য মজুত থাকে এবং অধিকাংশই মালামালে ঠাসা।

স্থানীয়দের ভাষ্য, বিকেলে ষষ্ঠ তলার এক পাশে প্রথম আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বেরিয়ে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে ঢুকে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। বিপুল মালামালের কারণে আগুনের তীব্রতাও বাড়তে থাকে।

দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা আবার ছড়িয়ে পড়ে।

এদিকে সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঘটনাস্থলে ঢুকতে বাধার মুখে পড়ে। আগুন লাগার পর স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। ভিড় নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।

   

About

Popular Links

x