পুরান ঢাকার চকবাজারে "মনজুর খান প্লাজা" নামের একটি মার্কেটে লাগা আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
সোমবার(১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের খবর পাওয়ার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়। তার ভাষ্য অনুযায়ী, খবর পাওয়ার পর ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করে।
রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, "সরু গলির কারণে আমাদের বড় গাড়িগুলো ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।" তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় ইউনিট আরও বাড়ানো হতে পারে।
তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।



