Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে ৩০টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে গেছে।

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কাইয়ুমপুর বিলাশনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে একটি ঝুটের (গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড়) গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। পরে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। আগুনে গোডাউনের ভিতরের ঝুট মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঝুটের গোডাউনের মালিক ইমরান হোসেন বলেন, “প্রতিটি গোডাউনে প্রায় পাঁচ থেকে ২০ লাখ টাকা মূল্যের ঝুটের কাপড় মজুত ছিল। ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “আগুনের খবর পেয়ে ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। তবে গোডাউনের ভিতরে থাকা ঝুট মাল পুড়ে গেছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।”

   

About

Popular Links

x