Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় আগুন: বহু বসতবাড়ির সব কিছু পুড়েছে

আগুন নেভানো ও উদ্ধার তৎপরতার সুযোগে জিনিসপত্র চুরি-লুটপাটের অভিযোগ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তুলা ও পাটের গুদামে লাগা আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতবাড়িতে। এতে পুড়ে গেছে বহু ঘরের আসবাব, রান্নার সরঞ্জাম, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।

অনেকে ঘরের কোনো মালামালই বের করতে পারেননি। পরে কেউ কেউ ঘরে ফিরে দেখেন, আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের পাশাপাশি কিছু মালামালও খুঁজে পাচ্ছেন না। তাদের অভিযোগ, আগুনের মধ্যে উদ্ধার তৎপরতার সুযোগ নিয়ে কেউ কেউ ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। তা ছড়িয়ে পড়ে আশপাশের বসতবাড়িতে। রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গুদামে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে তারা ঘর থেকে বেরিয়ে যান। এ সময় প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি অনেকে। পরে ঘরে ফিরে কেউ কেউ ফ্যান, চুলা, সিলিন্ডার, টাকা ও অন্যান্য মালামাল খুঁজে পাননি বলে অভিযোগ করেন।

সাথী আক্তার নামে এক গৃহবধূ বলেন, “পেছনে যে জুটের গুদাম ছিল, সেখানে আগুন লাগে। প্রথমে ওইখান থেকেই আগুন খুব দ্রুত ও তীব্রভাবে ছড়িয়ে পড়ে। আমাদের ওখানে ১৪টা রুমের মধ্যে বাসার সবাই আগুন দেখে ভয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই। তখন কোনো জিনিসপত্র বের করতে পারিনি। পরে বড় কিছু জিনিস এক-দুটি বের করতে পেরেছি। কিন্তু রুমে থাকা বাকি অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। অনেক কিছুই আমরা আর খুঁজে পাইনি।”

মুজিবুর রহমান নামে অপর এক বাড়ি মালিক বলেন, “পাশের গুদাম থেকে আগুনে পুরো মহল্লার বাড়িঘর পুড়ে গেছে। মোটামুটি ২০টি বাড়ি সম্পূর্ণ পুড়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা কাজ করেছে। আমাদের ক্ষতির পরিমাণ কমপক্ষে ২০ লাখ টাকা।”

রেহানা নামে এক গৃহবধূ বলেন, “আমি ম্যানেজারের রুমে বসে ছিলাম। আমার জামাই বাইরে দোকানে গেছে। তখন শুনি আগুন লাগছে। বাইরে গিয়ে দেখি আগুন জ্বলে। তখন ম্যানেজারকে বলেছি, যা কিছু আছে বিদ্যুতের সব বন্ধ করে দেন। বলে, আমার এখানে লাগেনি। অন্যটার আগুনও তো আমার এখানে আসতে পারে। এরমধ্যেই দেখি, আমার ঘর সব পুড়ে গেছে। আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। আমি পাঁচ তলায় থাকতাম। সব পুড়ে শেষ।”

আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কর্মরত পোশাক শ্রমিক আসমা বেগম বলেন, “আমার ঘরে সিলিন্ডার ছিল। চুলা-পাতিলসহ সবকিছু পুড়ে গেছে। ঘরের মধ্যে টাকা ছিল, কিন্তু আমি কিছুই বের করতে পারিনি। সবাই ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আমার যা ছিল, সব নিয়ে গেছে। এখন শুধু টুকটাক কিছু জিনিসপত্র আছে। টাকা, সিলিন্ডার, বোতল, চুলা—সব নিয়ে গেছে। আমার ঘরে ১০ হাজার টাকা ছিল। সেই টাকাও নিয়ে গেছে। ঘটনাটি হঠাৎ ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে শুনি, আগুন লেগেছে। আমাদের বাসার ভেতরে এখন কী অবস্থা, তা আমি জানি না। আগুন লাগার পর আমি আর বাসার ভেতরে ঢুকতে পারিনি।”

চুরি প্রসঙ্গে তিনি জানান, আগুন লাগার পর সবাই যার যার মতো উদ্ধারকাজ করতে চেয়েছে। সেই সুযোগে কেউ কেউ জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে মনে হচ্ছে।

স্থানীয় এক গৃহবধূ জানান, জুটের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি জানার পরপরই আমি ৯৯৯ নম্বরে ফোন করে আশুলিয়া থানায় বিষয়টি জানাই। আমি পরপর তিনবার ফোন দিয়েছি। কিন্তু এই সড়কে যানজটের কারণে ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারেনি। এর মধ্যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের বাড়িতে ১৫ থেকে ১৬টি রুম হবে, হয়তো আরও বেশি। সব শেষ হয়ে গেছে। দিনের বেলায় গেলে বোঝা যাবে, কয়টি বাড়িতে আগুন ছড়িয়েছে। তবে আমাদের বাড়ির সব কিছু শেষ হয়ে গেছে। এর মধ্যে আমার রুমেও আগুন লেগেছিল। আমি ফায়ার সার্ভিসের লোকজনকে বলেছি, ‘স্যার, আপনার পায়ে ধরছি, আমার রুমে একটু পানি দেন।’

রানা নামে এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমি একজন ব্যবসায়ী। আমার বাসা এখানেই। বাসা থেকে ফোন আসার পর জানতে পারি, পাটের গুদামের পাশে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়লে আমরা দৌড়ে চলে আসি। আমি ব্যবসা করি, ব্যবসার কাপড়চোপড়সহ অনেক জিনিসপত্র বাসায় রেখেছি। কিছু মালামাল রাস্তাঘাটেও রাখা আছে। এখন সেগুলোর কতটুকু ক্ষতি হয়েছে, তা আল্লাহই জানেন।”

মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি বলেন, “মালামাল থাকলেও অনেক চুরি হয়েছে। মানুষ যে যার মতো অনেক কিছু নিয়ে গেছে। সব মিলিয়ে অনেক ক্ষতি হয়েছে। অনেক কষ্ট হয়েছে।”

   

About

Popular Links

x