রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করা হয়েছে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
পুলিশ বলছে, নিহত ওই নারীর নাম শিরিন বেগম। তাকে তার স্বামী হত্যা করে মরদেহ চার টুকরা করেন। পরে একটি ব্যাগে রাখেন টুকরাগুলো।
জানা গেছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। শিরিন অন্য কারও সঙ্গে মোবাইলে কথা বলতেন বলে সন্দেহ করতেন অভিযুক্ত ব্যক্তি।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।



