রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়ি থেকে বেলী খাতুন (৭০) নামে এক বয়স্ক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ির দোতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বেলীর স্বামীর নাম মৃত ফখরুদ্দীন। তার চার সন্তান। তাদের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে বেলী ওই বাড়িতে একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলী খাতুন নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তিনি ওই বাড়ির দোতলায় থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। গত দুই থেকে তিন দিন তাকে বাড়ির বাইরে দেখা যায়নি। এদিন রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে বাড়িতে ভাড়া থাকা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ওই বাড়ির ভাড়াটে মারুফ জানান, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবার দেখা গেছে। এরপর থেকে তার ঘরের দরজা তালাবদ্ধ ছিল। তাদের ধারণা ছিল, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
নিহত বেলী খাতুনের চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন। তার স্বামী কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।
এদিকে, ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। পরে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।



