পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটে পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা করছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, রাশিয়ার বাইরে রোসাটম নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এপিসিএস ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০,০০০ যন্ত্রপাতি যুক্ত রয়েছে। এর মাধ্যমে চুল্লির স্থিতিশীলতা ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ৭,০০০ বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে কেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে সহায়তা মিলবে।
বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা আরও কার্যকর করতে যুক্ত করা হয়েছে ওআইএসএস। ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এই ব্যবস্থা তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে এটি সংযুক্ত হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে সহায়তা করছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সিস্টেমটির আরেকটি অংশ হিসেবে এআইসিএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য অস্বাভাবিকতা শনাক্ত করতে পারে। এতে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের সহায়তা দিতে এতে ৮০টির বেশি নির্দেশিকা রয়েছে। জটিল পরিচালনাগত তথ্য সহজভাবে উপস্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতেও এটি সহায়তা করবে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, “রূপপুর প্রকল্প বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতার বৃহত্তম উদ্যোগগুলোর একটি। একইসঙ্গে আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো ওআইএসএস বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি জানান, নতুন এই প্রযুক্তি জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাতে, পরিচালন ব্যয় হ্রাস করতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়তা দিতে ভূমিকা রাখবে।



