আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। সেখানে তারা প্রায় ছয় মাস অবস্থান করবেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্রু-১৩ মিশনের চার সদস্য মহাকাশ স্টেশনে অবতরণ করেন।
নতুন ক্রু সদস্যরা হলেন—যুক্তরাষ্ট্রের জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি, কানাডার জোশুয়া কুটরিক এবং রাশিয়ার সের্গেই তেরেতিয়াতনিকভ।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর স্পেসএক্সের ‘গ্রেস’ নামের ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি ডকিং পোর্টে যুক্ত হয়।
নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো মার্কিন মহাকাশযানের আইএসএসে পৌঁছানোর সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ড।
নাসা টিভিতে সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, ঘণ্টায় প্রায় ১৭,৫০০ মাইল (২৮,১৬৩ কিলোমিটার) বেগে মহাকাশে ছুটতে থাকা ক্যাপসুলটি ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে এগিয়ে যাচ্ছে।
ডকিং সম্পন্ন হওয়ার পর পৃথিবীর নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা ঘোষণা করেন, “ড্রাগনের হার্ড ক্যাপচার সম্পন্ন হয়েছে। এরপর ক্যাপসুলের হ্যাচ বা দরজা খোলা হবে। এর মাধ্যমে নতুন চার সদস্য চাপ-নিয়ন্ত্রিত সংযোগপথ দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন।”
নতুন ক্রু-১৩ দলের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইএসএসে পৌঁছানোর কথা ছিল। তবে ড্রাগন ক্যাপসুলে একটি লিক ধরা পড়ায় তাদের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়।
ক্রু-১৩ সদস্যরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দায়িত্ব নেবে বর্তমান ক্রু-১২ দলের কাছ থেকে। ক্রু-১২-এর সদস্যরা হলেন, যুক্তরাষ্ট্রের জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফ্রান্সের সোফি আদেনো এবং রাশিয়ার আন্দ্রেই ফেদায়েভ।
আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে ক্রু-১২ দলের সদস্যরা আগামী সোমবারের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারেন।



