Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়া ও ইউক্রেনে ড্রোন বিক্রি করবে না ডিজেআই

ইউক্রেনের কর্মকর্তা ও নাগরিকদের অভিযোগ, ইউক্রেনীয় সেনাবাহিনীর বিভিন্ন তথ্য রাশিয়ার কাছে পাচার করছে ডিজেআই

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৭:৪৫ পিএম

রাশিয়া ও ইউক্রেনে সাময়িকভাবে ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিজেআই। চীনা এই প্রতিষ্ঠানটি চাচ্ছে না তাদের তৈরি পণ্যগুলো যুদ্ধে ব্যবহৃত হোক।

বুধবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম কোনও চীনা কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করলো।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচারব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে। এ জন্য তারা রাশিয়া ও ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে।

ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু চীনের বহু কোম্পানি এখনও রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলার সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং।

ইউক্রেনের কর্মকর্তা ও নাগরিকদের অভিযোগ, ইউক্রেনীয় সেনাবাহিনীর বিভিন্ন তথ্য রাশিয়ার কাছে পাচার করছে ডিজেআই।

তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা অভিহিত করে উল্টো ডিজেআই দাবি করেছে, জার্মানির একটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়িয়েছে।

বিবৃতিতে ডিজেআই বলেছে, “আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।”


   

About

Popular Links

x