Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাক মাথায় চুল গজাতে আসছে বৈদ্যুতিক চিরুনি

চিরুনিটির নাম ‘ডিট্যাঙ্গল’, এটি সাধারণ চিরুনি নয় একটি জৈব-ইলেকট্রনিক যন্ত্র 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

মাথার চুল পড়া শুরু করলে অনেক মানুষকে পড়তে হয় নানার সমস্যায়। বিশেষ করে চুল পড়তে শুরু করলে অনেকেই চিরুনি ব্যবহার কমিয়ে দেন। কিন্তু সেই চিরুনিই যদি নতুন চুল গজাতে সাহায্য করে, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও চীনের একদল বিজ্ঞানী এমনই একটি বিশেষ বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন। 

রবিবার (১৫ নভেম্বর) সায়েন্স অ্যালার্ট এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ইঁদুরের ওপর পরীক্ষায় যন্ত্রটি ব্যবহার করে চুল গজানোর ক্ষেত্রে আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা তুলে ধরেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রযুক্তিটি এখন পর্যন্ত কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় চিরুনিটির নাম দেওয়া হয়েছে ‘ডিট্যাঙ্গল’। এটি সাধারণ চিরুনি নয়, বরং বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি জৈব-ইলেকট্রনিক যন্ত্র। এর দাঁতগুলোর দৈর্ঘ্য একেক রকম। দাঁতের মধ্যে বসানো আছে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা। 

বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে তৈরি এই যন্ত্র বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে থাকে। গবেষকদের দাবি, এর বিশেষ নকশার কারণে সাধারণ পদ্ধতির তুলনায় চুলের ফলিকল বা গোড়ার অংশে প্রায় নয় গুণ গভীরে পৌঁছাতে পারে। 

গবেষকদের ভাষ্যমতে, ডিট্যাঙ্গল চুল গজাতে দুটি উপায়ে কাজ করে। প্রথমত, এর বৈদ্যুতিক স্পন্দন চুলের ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে। দ্বিতীয়ত, চিরুনির ছোট দাঁতগুলোর সঙ্গে যুক্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা ত্বকের গভীরে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেয়। এ ক্ষেত্রে ব্যবহার করা হয় ইলেকট্রোপোরেশন নামের একটি পদ্ধতি। এর মাধ্যমে অল্প সময়ের জন্য কোষের আবরণের ভেদ্যতা বাড়ানো হয়, ফলে প্রয়োজনীয় উপাদান কোষের ভেতরে প্রবেশ করতে পারে। 

পরীক্ষায় গবেষকেরা দুটি পরীক্ষামূলক জিনভিত্তিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করেছেন। এর একটি হলো ভিইজিএফএ প্লাজমিড, যা চুলের ফলিকলের চারপাশে রক্তনালি তৈরিতে সহায়তা করে। অন্যটি এসআরডি৫এ২ এসআইআরএনএ, যা চুলের ফলিকল ছোট করে এমন একটি হরমোনের কার্যক্রম কমাতে সাহায্য করে।

সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়, ইঁদুরের ওপর কয়েক দফা পরীক্ষায় ডিট্যাঙ্গল বেশ ভালো ফল দেখিয়েছে। পুরুষ ইঁদুরের শরীরে টেস্টোস্টেরন প্রয়োগ করে চুল পড়ার পরিস্থিতি তৈরি করেছিলেন গবেষকেরা। এরপর পিঠের একটি অংশের লোম কামিয়ে ২৮ দিন ধরে পর্যবেক্ষণ করেন তারা। যেসব ইঁদুরকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, তাদের কামানো অংশে মাত্র ১ % এর মতো লোম ফিরে আসে। শুধু বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া হলে লোম গজানোর হার বেড়ে হয় প্রায় ৪০ %। 

তবে এই ফল ফিনাস্টেরাইড ও মিনোক্সিডিল নামের চুল গজানোর প্রচলিত ওষুধের চেয়ে কম ছিল। এসব ওষুধ ব্যবহার করা ইঁদুরের ক্ষেত্রে লোম ফিরে আসার হার ছিল যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ %। বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতি যুক্ত করায় ফল আরও ভালো হয়। এসআরডি৫এ২ এসআইআরএনএ ব্যবহারে লোম ফিরে আসে প্রায় ৮৫ %। ভিইজিএফএ প্লাজমিড ব্যবহারে এই হার ছিল প্রায় ৯০ %। বৈদ্যুতিক উদ্দীপনা ও দুই ধরনের পরীক্ষামূলক চিকিৎসা মিলিয়ে ইঁদুরের কামানো অংশে প্রায় ৯৭.৮৫ % লোম ফিরে আসে। 

গবেষকদের দাবি, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত ও হরমোনজনিত চুল পড়ার ইঁদুরের মডেলে এক মাসের মধ্যেই প্রায় ১০০ % চুল ফিরে পাওয়ার মতো ফল পাওয়া গেছে। 

   

About

Popular Links

x