চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম দিনেই দেশটির রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রির শেয়ারের দাম ৬০০%-এর বেশি বেড়েছে। এর আগে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে কোম্পানিটি ৯০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হ্যাংঝৌভিত্তিক এই কোম্পানির শেয়ারের দাম লেনদেন শুরুর সময় সর্বোচ্চ ৬২৯% বেড়ে ১,১০০ ইউয়ানে উঠেছিল। আইপিওতে শেয়ারটির নির্ধারিত মূল্য ছিল ১৫০.৮০ ইউয়ান। পরে দাম কিছুটা কমে প্রায় ৯০০ ইউয়ানে নেমে আসে।
চীনের রোবোটিকস শিল্পের দ্রুত বিকাশে সরকারি সহায়তা এবং শক্তিশালী অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থার কারণে ইউনিট্রির তৈরি রোবট অগ্রযাত্রার অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
এর আগে, ১৭ আগস্ট কোম্পানিটি ‘সুপারম্যান’ নামে নতুন একটি মানবসদৃশ রোবট বা হিউম্যানয়েড রোবট উন্মোচন করে। ইউনিট্রি জানায়, এই রোবট দুই মিটার পর্যন্ত লাফ দিতে পারে। এছাড়া প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার গতিতে দৌড়াতে সক্ষম।
গত বছর চীনের বার্ষিক বসন্ত উৎসবের জমকালো অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ইউনিট্রি ব্যাপক আলোচনায় আসে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা কোম্পানিটির দক্ষ রোবট ব্যাকফ্লিপ বা পেছনের দিকে ডিগবাজি দিতে, কুংফু প্রদর্শন করতে এবং টেবিলের ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়।
চীন সরকার রোবোটিকস খাতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে, গত বছর পর্যন্ত চীনের ১৪০টিরও বেশি কোম্পানি ৩৩০টির বেশি হিউম্যানয়েড রোবটের মডেল বাজারে এনেছে।
রোবোটিকস কোম্পানিগুলো এখন ‘ফিজিক্যাল এআই’ প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। এই প্রযুক্তির মাধ্যমে রোবট মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নিজেদের চারপাশের পরিবেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারে।



