চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সতর্ক করে বলেছেন, ‘‘বৈশ্বিক ঐকমত্য ছাড়া এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কয়েকটি দেশ ও কোম্পানির একচেটিয়া খেলা হয়ে উঠতে পারে৷’’
শনিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী লি চীনের সাংহাইয়ে চলমান ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে এ কথা বলেন৷ এমন এক সময়ে তিনি এই মন্তব্য করেছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণ আরও সহজ করার ঘোষণা দিয়েছেন৷ খবর বার্তা সংস্থা এএফপির।
চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘‘উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা জরুরি৷ আর এর জন্য সমাজের পক্ষ থেকে আরও ঐকমত্য প্রয়োজন৷’’
তিনি আরও বলেন, ‘‘এআইয়ের সহজলভ্যতা, ভাগাভাগি ও ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করলেই আরও দেশ ও গোষ্ঠী এর সুফল ভোগ করতে পারবে।
এসময় তিনি চীনের নেতৃত্বাধীন একটি সংস্থার ঘোষণা দেন, যা বিশ্বব্যাপী এআই সহযোগিতা ও ওপেন-সোর্স উন্নয়নকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে৷
এই সম্মেলনটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উন্নত এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র আকার ধারণ করছে৷ কয়েকদিন আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে এআইয়ের ওপর নিয়ন্ত্রণ কমানোর ঘোষণা দেন৷ একই সময়ে ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনে উন্নত চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে৷
এই নিষেধাজ্ঞার ফলে চীনা কোম্পানিগুলো বিকল্প খুঁজছে৷ জানুয়ারিতে চীনা স্টার্টআপ ডিপসিক এমন একটি এআই মডেল চালু করে, যা উন্নত চিপ ছাড়াও মার্কিন মডেলগুলোর সমতুল্য পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়৷
এআই নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এবারের এআই কনফারেন্সে প্রায় আট শতাধিক কোম্পানি অংশ নিচ্ছে এবং তিন হাজারের বেশি প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে৷ হুয়াওয়ে ও আলিবাবার মতো চীনা কোম্পানির পাশাপাশি টেসলা, অ্যালফাবেট ও অ্যামাজনের মতো মার্কিন কোম্পানিও এই কনফারেন্সে অংশ নিচ্ছে৷ ২৯ জুলাই পর্যন্ত এই সম্মেলন চলবে৷



