Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্গাপূজা উপলক্ষে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু ২০ অক্টোবর

১৬ অক্টোবর থেকে সারাদেশে বিআরটিসির ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বিআরটিসি বিশেষ এই সার্ভিস পরিচালনা করবে।

শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সারা দেশে বিআরটিসির ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পাশাপাশি রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম এবং আন্তঃজেলার বিভিন্ন রুটের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। তবে যাত্রী সাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

এর মধ্যে ঢাকার মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিসি।

   

About

Popular Links

x