রাজধানীর ডেমরায় পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ব্যারাক থেকে মো. সাইদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার আগে ফেসবুকে দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরেছিলেন, যা নিয়ে তদন্ত চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় ডেমরার রাজাখালী এলাকায় অবস্থিত পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ২০ তলা ভবনের নবম তলার ৯০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, সাইদুল ইসলাম ব্যারাকের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক ও মানসিক চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ইনচার্জ কাজী নুসরাত লুনা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক সম্মতি ছাড়া সাইদুল ইসলাম গোপনে বিয়ে করেছিলেন। সাম্প্রতিক সময়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলেও তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার আগে ফেসবুকে দেওয়া একটি পোস্টে সাইদুল ইসলাম নিজের বিবাহিত জীবন ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে আবেগঘন কিছু কথা লিখেছিলেন। পোস্টটির বিষয়বস্তুও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।