কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামের দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন ও আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে স্থানীয় সামিরুল গ্রুপের একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেবীনগর এলাকার ফারুক ও আব্দুল শেখের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও আহত হন মুল্লুক মণ্ডল নামে আরও একজন। তিনি চিকিৎসাধীন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুজনের মরদেহ মর্গে রয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মাদক নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।