জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা ২ নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৪ জন। 

রবিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে আসছিলো। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিকে একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী ও চালকসহ ৬ জন। নিহত দুই নারীর নাম-পরিচয় জানা যায়নি। 

পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতনামা ওই দুই নারীকে মৃত ঘোষণা করে। 

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, ‘‘আমাদের টিম হাসপাতালে আছে, আমরা কাজ করছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’’