গ্যাসের পুরাতন লাইন মেরামতের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল ২১ জুলাই, মঙ্গলবার দু্পুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।