যমুনার পানির তীব্র স্রোতে টাঙ্গাইলের সড়কে ভাঙন, যান চলাচল বন্ধ 

যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের সাখারিয়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে নদীরক্ষা বাঁধ, ভূঞাপুর-তারাকান্দি সড়ক ও এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয়রা।

রবিবার (১৯ জুলাই) বিকেল থেকে গোপালপুর উপজেলার সাখারিয়া এলাকায় যমুনা নদীর ২৫ মিটার অংশে ভাঙন শুরু হয়। 

এতে ওই সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। 
এর আগে ভাঙন দেখা দিলে প্রথমে তা রোধের চেষ্টা করে স্থানীয়রা। নদীর স্রোত কমাতে সড়কের পাশে গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরে ভাঙন শুরু হয়েছে এলাকায়। প্রথমেই ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতি হতো না। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বন্ধসহ ক্ষতিগ্রস্ত হবে হাজারও পরিবার। রবিবার বিকেল থেকে সড়কটির পাশ থেকে ধসে যাচ্ছে বলেও জানিয়েছেন তারা।

স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ময়না বলেন, “কার্যকর নদী শাসনের ব্যবস্থা না হলে ভবিষ্যতে যমুনা নদীর প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। একটি স্থায়ী বাধের ব্যবস্থা হলে সড়ক এবং নদীপাড়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীন বলেন, “ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে।”