হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালালেন আসামি

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম সম্রাট হোসেন (২৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। 

তবে গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন তিনি।

সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। বিচারিক কার্যক্রমের জন্য এজলাসের দিকে নেওয়ার সময়  কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও আটক করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা। এদিকে, বিষয়টি জানাজানির আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। 

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে।” তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।