ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিরাজুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গাজীপুরের কালিয়াকৈরে তার স্ত্রী আরিফা আক্তার সম্পা (৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীকে হত্যা করে রাসেল বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমদনগর এলাকার বাসিন্দা রাসেল সিঙ্গাপুরপ্রবাসী। প্রায় ২০ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন। শনিবার রাতে নিজ বাসা থেকে সম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রোববার দুপুরে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে কালিয়াকৈর থানার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় রাসেলকে ভিডিও কলে দ্রুত ফিরতে বলেন সম্পা এবং আত্মহত্যার হুমকিও দেন। পরে বাসায় ফিরে রাসেল তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। দ্রুত উদ্ধার করে জিরানী বাজারের ঢাকা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বাবা ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, কয়েকদিন ধরে তার মেয়ের সঙ্গে রাসেলের পারিবারিক কলহ চলছিল। তিনি দাবি করেন, মেয়েকে হত্যা করেই রাসেল বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিহতের বাবার দায়ের করা মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।



