বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহ তিনটি উদ্ধার করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের লিডার আরজু আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুরা হলো, বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামের ফারুক হোসেনের ছেলে ফাহিম হোসেন (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৫) এবং প্রতিবেশি মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শিশু ফাহিম হোসেন তার বোন সুরাইয়া খাতুন এবং জাকিরুল ইসলাম মঙ্গলবার বেলা ১২টার দিকে গুচ্ছগ্রামের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিন শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান।
ফায়ার ফাইটার আমির হামজা বেলা দেড়টার দিকে এলাকাবাসীদের সহযোগিতা পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন। গুচ্ছগ্রামের একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শুধু তাদের পরিবারের নয়, পুরে গুচ্ছগ্রামের শোকের ছায়া নেমে এসেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার করা তিন শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।