রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে বিষের গন্ধ পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৮)। তাদের কোনো সন্তান ছিল না। জীবিকার জন্য মনিরুল ভ্যান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শয়নকক্ষের একই খাটের ওপর স্বামী-স্ত্রীর নিথর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, ঘরে প্রবেশের পর নিহতদের মুখে এবং শয়নকক্ষে ঘাসমারা বিষের তীব্র গন্ধ পাওয়া যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তারা বিষপান করেছেন। ঘটনাস্থল থেকে তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।