জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদেশ সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার খবর সামনে এলো।
সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। সেজন্যই স্পিকার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, আগামীকাল থাই এয়ারওয়েজে বেলা ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন স্পিকার।
এর আগে, ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবার দেশে ফিরবেন।
কী কারণে দ্রুত দেশে ফিরছেন স্পিকার-এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির পদত্যাগসহ বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। সে কারণে হয়তো স্পিকার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।