‘মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল’

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

কোনো দেশের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন এক সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ কোনো বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন। সচেতনভাবেই এ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত হতে দেওয়া হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে শয্যার অভাবে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষকে মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। ভঙ্গুর অর্থনীতি ও সংকটকালীন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার গত কয়েক মাসে প্রায় সাড়ে তিন হাজার শয্যা যুক্ত করেছে। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিদ্যমান ৫০ শয্যার প্রতিটি হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং খুব শিগগিরই এর প্রথম ধাপের দরপত্র প্রক্রিয়া শুরু হবে।