Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ

সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এই পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী:
১. পরিচ্ছন্নতা: নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
২. বৃক্ষরোপণ: বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস করতে হবে।
৩. প্রাণীর প্রতি সদয় আচরণ: পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করতে হবে।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় তাঁরা একটি ফটোসেশনে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

   

About

Popular Links

x