Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিদের জন্য নির্ধারিত বিভাগে রাখা হয়েছে তারেক রহমানকে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর ওপর প্রভাব বিস্তারকারী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানের গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) প্রকাশনা ‘দ্য মুসলিম ৫০০’-এর এবারের সংস্করণে তার নাম উঠে এসেছে।

রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিদের জন্য নির্ধারিত বিভাগে রাখা হয়েছে তারেক রহমানকে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করে। সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিশ্চিত করার পর দলটি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থার অবসান ঘটে এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান।

বাংলাদেশের রাজনীতিতে তার নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি আন্তর্জাতিক এই প্রকাশনায় গুরুত্ব পেয়েছে।

একই তালিকায় বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ ড. হামিদা হোসেনের নামও রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক চর্চার প্রসারে কাজ করছেন। এসব ক্ষেত্রে তার অবদান আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃতি পেয়েছে।

‘দ্য মুসলিম ৫০০’ মূলত এমন ব্যক্তিদের তুলে ধরে, যাদের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলমানের জীবন, চিন্তাধারা কিংবা সমাজব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।

এই প্রকাশনায় সবার অবস্থান সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয় না। সবচেয়ে প্রভাবশালী বিবেচিত ৫০ জনকে নির্দিষ্ট ক্রমে সাজানো হলেও অন্য ৪৫০ জনকে তাঁদের কাজের ক্ষেত্র অনুযায়ী ১৩টি বিভাগে রাখা হয়। এসব বিভাগের মধ্যে রয়েছে রাজনীতি, ধর্ম, অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান, সমাজকল্যাণ ও সংস্কৃতি।

চলতি সংস্করণে বাংলাদেশ থেকে মোট তিনজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে তাদের কেউই ক্রমানুসারে সাজানো শীর্ষ ৫০ জনের তালিকায় নেই।

   

About

Popular Links

x