৪ দিন পরও অচল এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ অনিশ্চিত

কক্সবাজারের মহেশখালীতে অ্যাক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আগুন ও কারিগরি ত্রুটির কারণ এখনো জানা যায়নি।

শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে পেট্রোবাংলা জানায়, এফএসআরইউটি মেরামত করে চালু করতে কাজ করছে দেশি-বিদেশি কয়েকটি সংস্থা। 

তবে মেরামত শেষে কবে গ্যাস সরবরাহ চালু হবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পেট্রো বাংলা।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, গত ৪ দিন ধরে ভাসমান এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় তীব্র গ্যাস সঙ্কট দেখা গেছে। 

সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা দিয়েছে। শিল্পকারখানাগুলোও উৎপাদন স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে।

প্রসঙ্গত, দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩, ৮০০ এমএমসিএফডি। সেখানে প্রতিদিন প্রায় জাতীয় গ্রিডে ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমেছে। 

বাংলাদেশে বর্তমানে দুটি এফএসআরইউ রয়েছে। এগুলো থেকে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন প্রায় ৯৭০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ করা হয়, যা জাতীয় গ্রিডের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৭%।

বিবৃতিতে বলা হয়, অ্যাক্সিলারেট এনার্জির এফএসআরইউ কারিগরি ত্রুটি মেরামত করে চালু করার জন্য দেশি ও বিদেশি টেকনিক্যাল টিম নিরলস কাজ করছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ হবে।