সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ত্রিপলের ছাউনি দিয়ে বানানো ‘নামাজের জায়গাসহ’ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সেখানে অভিযান চালায়। 

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সংবাদমাধ্যমকে বলেন, “নামাজের জায়গা বলে আলাদা কোনো ব্যাপার নেই। যত অবৈধ স্থাপনা ছিল সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর, সবই উচ্ছেদ করা হয়েছে।” 

অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান চলবে।