‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও প্রকাশ করে সংহতি জানাচ্ছেন শিক্ষিকারা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নানারকম  আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।  

ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা বাতাস। সেই বাতাসে আঁচল উড়িয়ে অল্প অল্প হাঁটছেন এক নারী। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন বিউটি রাণী পাল। তিনি পেশায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা শুরু হলে অনেক শিক্ষিকা এর প্রতিবাদে একই ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছেন। বিউটি রাণীর পক্ষে পোস্ট দিয়ে সংহতি প্রকাশ করছেন। 

মাদারীপুরের সামিয়া শিকদার নামের এক সহকারী শিক্ষিকা নিজের শাড়ি পড়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘বিউটি রানী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রানী পাল। আমরা মাথা নত করব না, সম্মান নিয়ে এগিয়ে যাব।’’ 

অনেক শিক্ষক-শিক্ষিকা অভিনব উপায়ে সংহতি প্রকাশ করছেন। জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ ব্যবহার করে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করছেন, যা এখন সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো শিক্ষিকা একই গানে ভিডিও পোস্ট করেছেন। এসব ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণ, কর্মস্থল কিংবা ব্যক্তিগত পরিবেশে তাদের স্বাভাবিক উপস্থিতি তুলে ধরা হয়েছে। 

পাশাপাশি তারা লিখছেন, শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি একজন মানুষের ব্যক্তিগত অনুভূতি, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের স্বাধীনতাও সম্মান পাওয়া উচিত। প্রতিটি মানুষের শিল্পমনা হওয়ার অধিকার আছে। 

অনেকেই এই উদ্যোগকে শিক্ষকদের পারস্পরিক সংহতি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। 

উল্লেখ্য, শিক্ষক বিউটি পাল সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।