পুলিশের বিশেষ অভিযান: ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজারের বেশি 

সারাদেশের চলমান বিশেষ অভিযানে পুলিশ গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া বিভিন্ন মামলা ও অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে। সবমিলিয়ে মোট গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

পুলিশ সদর দপ্তর জানায়, এসব অভিযানে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২,৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া ২ কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০,৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে। 

উদ্ধার আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে- পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল ৩টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি। 
 
এছাড়া, উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৯১ লাখ ২২,৯৯৬ পিস ইয়াবা, ৯,০৮০ পুরিয়া হেরোইন, ৪,০৯৫ বোতল ফেনসিডিল, ৮,২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮,৫৫২ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক সংশ্লিষ্ট দ্রব্য উদ্ধার করেছে। 

পুলিশ দপ্তর জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় ১৭,৬৬টি মামলা দায়ের এবং ২৪,৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।