উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেও দেশজুড়ে বৃষ্টিপাত এখনই কমছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দিনগুলোতেও এই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৮ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২৯ জুলাই) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় একই ধরনের বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩১ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং বাকি বিভাগগুলোর অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (১ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।