নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

নারায়ণগঞ্জে নিজ ভাড়া বাসা থেকে মো. আবু হানিফ (৫২) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। তার স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন আবু হানিফ। এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তার ও স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ও কলহের সৃষ্টি হয়। এর জেরে একদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

মঙ্গলবার রাতে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু হানিফের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের দড়ি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আবু হানিফ ১৯৯৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের ১১ নভেম্বর তিনি নারায়ণগঞ্জে যোগদান করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।