ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন।
তার সংসদ অধিবেশনে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সম্প্রতি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই।
এর আগে আপিল বিভাগে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন এ আবেদনটি জমা দেন। এতে হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ এবং সরোয়ারের অধিবেশনে যোগদানে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।
এর আগে গত ৯ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক সরোয়ারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
রায় প্রকাশের পরদিনই নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। একই দিন রাত ৭টা ১৫ মিনিটে জাতীয় সংসদে নিজ কার্যালয়ে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।