Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রী আইসিইউতে, ছেলেরা বিদেশে; চার দিন পর ঘর থেকে মিললো বৃদ্ধের মরদেহ

প্রায় এক বছর আগে দেশে ফিরে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন তিনি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে নিজ ঘর থেকে আবদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মৃত্যুর প্রায় চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী বিদেশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তিন ছেলে বিদেশে অবস্থান করছিলেন।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমানের তিন ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন। তার স্ত্রীও বর্তমানে বিদেশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। প্রায় এক বছর আগে দেশে ফিরে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন তিনি। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজও নিজেই করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সর্বশেষ আবদুর রহমানকে এলাকায় দেখা যায়। এরপর কয়েক দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়ির দরজা বন্ধ থাকলেও প্রথমদিকে বিষয়টি নিয়ে কেউ তেমন গুরুত্ব দেননি। পরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়।

বিষয়টি গ্রাম পুলিশকে জানানো হলে খবর যায় থানায়। পরে সোমবার রাতে চন্দনাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে আবদুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজে গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের সদস্যরাও সহযোগিতা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইন ফারুকী বলেন, “খবর পেয়ে পুলিশের অনুমতি নিয়ে মানবিক টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে সহযোগিতা করেন।“

চন্দনাইশ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. লিটন মিয়া বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।“

আত্মীয়দের দাবি, বৃহস্পতিবার ছেলেদের সঙ্গে আবদুর রহমানের সর্বশেষ কথা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে স্ট্রোক বা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

   

About

Popular Links

x