ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
নিহত শিশুটি পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপু্রেসদরপুর উপজেলার আটরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাহুত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের বাসিন্দা।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মা তার শিশুকে চিকিৎসার জন্য ইজিবাইকে করে সদরপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাতি রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিল। হাতিটি ইজিবাইকের সামনে এসে শুঁড় উঁচু করলে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এ সময় মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, হাতির মাহুতকে আটক করা হয়েছে, তবে নিহতের পরিবার এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



