হামের প্রকোপ থামছেই না, আরও ৩ প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও রোগটির উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,০৭৫ শিশু।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৩১ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯৬। এই সময়ে ৯২৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৩৯।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।