আবারও গ্রেপ্তার হলেন লতিফ সিদ্দিকী

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অন্য মামলায় জামিনে ছিলেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিকুল জানান, গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

এর আগে, বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। 

হাজিরা শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রবিবার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন। 

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার হন লতিফ সিদ্দিকীসহ আলোচকরা। পরে তিনিসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ।

পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নিম্ন ও উচ্চ আদালতে ২০২৫ সালের ৬ নভেম্বর জামিনের পর তিনি মুক্তি পান।