খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইলের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। ইসমাইল স্থানীয় মো: শাজাহানের পুত্র।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইল মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। এ অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাতও করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।